বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত দুটি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) এবং সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান দুটির উদ্বোধন করেন।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দীর্ঘদিন ধরে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় জ্ঞান, শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে)-এর আদলে ফরিদপুরে প্রতিষ্ঠা করা হয়েছে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর।
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্য আধুনিক, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রতিষ্ঠান দুটি এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক শিক্ষার পরিবেশ তৈরির পাশাপাশি শিক্ষার সামগ্রিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠান থেকে জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









