ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উৎসব উদযাপনে প্রস্তুতি এগিয়ে চলেছে। শনিবার (২২ আগস্ট) ও রবিবার (২৩ আগস্ট) বিদ্যালয়ে বিভিন্ন উপ-পর্ষদসহ উপদেষ্টা ও সমন্বয়কদের সঙ্গে প্রস্তুতি সভা করেছে উৎসব উদযাপন পর্ষদ।
সভায় অংশ নেন উদযাপন পর্ষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. সাঈদুর রহমান সাঈদ, সদস্য সচিব সৈয়দ আব্দুল আউয়াল নান্না, যুগ্ম আহ্বায়ক কাজী জোবায়দুল হক টুলু ও উজ্জ্বল হোসেন এবং দপ্তর, নিবন্ধন ও প্রচার-প্রকাশনাসহ বিভিন্ন উপ-পর্ষদের সদস্যরা। ১৭৫ বছরের গৌরবময় পথচলার এই মহোৎসব প্রাক্তন ও বর্তমানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্মরণীয় মিলনমেলায় রূপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন উৎসবের সংগঠকরা।
দক্ষিণবঙ্গের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠটির দুদিনের বর্ণাঢ্য উৎসব আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর আয়োজিত হবে বিদ্যালয় প্রাঙ্গণে। সভাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের জমকালো এই উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে উৎসব উদযাপন পর্ষদ। একই সঙ্গে বিশেষ স্মারকগ্রন্থের জন্য প্রতিষ্ঠানটির গৌরবোজ্জ্বল ইতিহাস ও স্মৃতিচারণমূলক লেখা আহ্বানের অনুরোধ জানানো হয়।
সভায় জানানো হয়, উৎসবে অংশগ্রহণে ইচ্ছুক সবাইকে আগামী ৩১ অক্টোবর (শনিবার)-এর মধ্যে পর্ষদের নিজস্ব ওয়েবসাইট (fhsbd.org)-এর মাধ্যমে অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে হবে।
অন্যদিকে, প্রকাশিতব্য বিশেষ স্মারকগ্রন্থের জন্য বিদ্যালয়ের ইতিহাস, প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের অর্জন ও বিদ্যালয় জীবনের নানা স্মৃতিচারণমূলক লেখা পাঠানোর শেষ দিন আগামী ৩০ সেপ্টেম্বর (বুধবার)। আগ্রহীদের এ সময়ের মধ্যে অশোকেশ রায়ের হোয়াটসঅ্যাপ নম্বর ০১৭১১১১৪৫৭৯-এ লেখা পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









