কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে ঢাকা–কুষ্টিয়া মহাসড়কে প্রতিনিয়ত বাড়ছে প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি। হাজার হাজার শিক্ষার্থী, রোগী, চিকিৎসক ও পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে এবার সরব হয়েছেন স্থানীয় ছাত্র-জনতা।
মহাসড়কটির উক্ত পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে অনুষ্ঠিত হয়েছে মানবববন্ধন।
রবিবার (২৩ আগস্ট) সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রধান ফটক সংলগ্ন মহাসড়কে জাতীয় ছাত্রশক্তি কুষ্টিয়া সদর উপজেলা কমিটির সদস্য সচিব সোলাইমান হোসেন অন্তরের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল চালু হওয়ার পর থেকে এখানে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। বিশেষ করে দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার মুমূর্ষু রোগী, তাদের স্বজন, নিয়োজিত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের প্রতিনিয়ত এই ব্যস্ততম মহাসড়ক পার হতে হয়। কিন্তু কুষ্টিয়া-ঢাকা মহাসড়কে তীব্র যানচলাচল এবং যানবাহনের বেপরোয়া গতির কারণে সড়ক পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় লিমন আহমেদ, ছাত্রনেতা মৃদুল ইসলাম, এস এম নাজমুস সাকিব সৈকত এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য শোয়েব হাসান রায়ান।
এ সময় কর্মসূচির সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা শাখা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব সুলতান মারুফ তালহা। তিনি বলেন, “জননিরাপত্তা ও জনস্বার্থের বিষয়টি সবার আগে বিবেচনা করা উচিত। কুষ্টিয়া মেডিকেল কলেজের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে ফুটওভার ব্রিজ না থাকাটা অত্যন্ত দুঃখজনক। বড় ধরনের কোনো মর্মান্তিক দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কতৃপক্ষের উচিত অতি দ্রুত এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের কার্যকরী উদ্যোগ গ্রহণ করা।”
মানববন্ধন থেকে অবিলম্বে ফুটওভার ব্রিজ নির্মাণের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন বক্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









