কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে সংঘবদ্ধ চোর চক্রের তামার তার চুরির একটি বড় প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছেন আনসার সদস্যরা। এ সময় চোর চক্রের ফেলে যাওয়া প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের ২৫০ কেজি তামার তার উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) কক্সবাজার ১ আনসার ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎকেন্দ্রের মূল ফটকে দায়িত্ব পালন করছিলেন আনসার সিপাহি মো. সোহাগ হোসেন। এ সময় তিনি বিদ্যুৎকেন্দ্রের ভেতরে বেশ ক’জন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। পরে তাদের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে এবং তামার তারসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
আনসার সদস্য সোহাগ হোসেন অত্যন্ত সাহসিকতার সাথে তাদের প্রতিহত করেন। পরিস্থিতি বেগতিক দেখে ও তীব্র প্রতিরোধের মুখে চোর চক্রটি তামার কুণ্ডলীগুলো ঘটনাস্থলেই ফেলে অন্ধকারে পালিয়ে যেতে বাধ্য হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ২৫০ কেজি তামার তার উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোববার রাতে কক্সবাজার আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. শফিউল আযম জানান, উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্র ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রমও বাড়িয়ে দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









