সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম টোলপ্লাজা এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন, ৪২টি অ্যাম্পল ও ৮টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সোয়া ১টার দিকে যমুনা সেতু পশ্চিম টোলপ্লাজা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে কেবিনের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন, ৪২টি অ্যাম্পল ও ৮টি ইনজেকশন জব্দ করেন আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আটককৃতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর গ্রামের আবু বক্কর সিদ্দিক (৩৫) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ এলাকার সোহাগ আলী।
উদ্ধার করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। এ সময় মাদক চালানের সাথে জড়িত দুই ব্যক্তিকে আটক এবং মাদক বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজ জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার দুপুরের পর তাদের আদালতে সোপর্দ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









