কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৫ হাজার ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
তিনি জানান, মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথের একটি বড় চালান নাফ নদীর গোলারচর হয়ে শাহপরীর দ্বীপসংলগ্ন এলাকায় প্রবেশ করবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীর সদস্যরা বিশেষ অভিযান চালান।
অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঝাউবনের মধ্যে পলিথিনে মোড়ানো একটি পুঁটলি ফেলে পালিয়ে যায়। পরে পুঁটলিটি তল্লাশি করে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।
এদিকে, রবিবার সন্ধ্যা ৬টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় পৃথক অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় সন্দেহজনক একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। পাশাপাশি আইসের চালানের সঙ্গে জড়িত কারবারি ও সহযোগীদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘‘ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









