নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশন ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সান্তাহার জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। পরনে গোলাপি রঙের থ্রি-পিস ও পাজামা ছিল।
তিনি আরও জানান, নারীর কাছে একটি ব্যাগ পাওয়া গেছে। এতে বাংলাদেশ জাতীয় বধির সংস্থাসংশ্লিষ্ট কিছু কাগজপত্র থাকলেও সেগুলোর ভিত্তিতে তার পরিচয় নিশ্চিত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









