জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে সাথী আক্তার (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
সাথী ওই এলাকার জাকিরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ফুফু জুমুরী বেগমের সঙ্গে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে কাপড় ধুতে যায় সাথী। একপর্যায়ে অসাবধানতাবশত নদে ডুবে যায় সে। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে ফুফু চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা নদে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর সাথীর মরদেহ উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









