সিরাজগঞ্জ সদর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ভোরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের বহুতি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান জানিয়েছেন।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের ঠাকুর হাওলদার ও কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের সিএনজি চালক আশিক আহমেদ।
ওসি রাকিবুল বলেন, “ঠাকুর হাওলদার ছেলে বিষ্ণু হাওলদারকে নিয়ে ভদ্রঘাট বাজার থেকে একটি অটোরিকশায় করে শহরের দিকে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আশিক ও যাত্রী ঠাকুর হাওলদারের মৃত্যু হয়।”
স্থানীয়রা আহত অবস্থায় বিষ্ণু হাওলদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি বাড়িতে নিয়ে যান বলে জানান এ পুলিশ কর্মকর্তা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









