উপজেলায় পা রেখেই মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান। রোগীদের চরম ভোগান্তি নিজ চোখে দেখে নিজস্ব অর্থায়নে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নতুন বৈদ্যুতিক ফ্যান স্থাপন ও দুর্বল ফ্যানের ক্যাপাসিটর পরিবর্তনের নির্দেশ দিয়েছেন তিনি।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রতিমন্ত্রী পাতারহাট স্টিমার ঘাটে এসে পৌঁছান। ঘাটে নেমে কোনো আনুষ্ঠানিকতায় না গিয়ে তিনি সরাসরি ৫০ শয্যা বিশিষ্ট মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের তিনটি কক্ষ এবং বারান্দায় রোগীদের চিকিৎসার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। তবে তীব্র গরমে সেসব স্থানে পর্যাপ্ত বৈদ্যুতিক ফ্যান না থাকায় ভর্তি রোগী ও তাদের স্বজনরা মারাত্মক হাঁসফাঁস অবস্থার মধ্যে দিন কাটাচ্ছিলেন।
বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করে নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান তাৎক্ষণিকভাবে নিজ অর্থায়নে ৮টি নতুন বৈদ্যুতিক ফ্যান বসানোর নির্দেশ দেন। একইসঙ্গে সচল থাকা সত্ত্বেও দুর্বল ক্যাপাসিটরের কারণে যেসব ফ্যানে পর্যাপ্ত বাতাস পাচ্ছিল না, তেমন ১০টি ফ্যানের ক্যাপাসিটর আজ রাতের মধ্যেই পরিবর্তনের দ্রুত ব্যবস্থা নিতে বলেন।
মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ জানান, প্রচন্ড গরমে হাসপাতে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ যখন চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন, ঠিক তখন প্রতিমন্ত্রীর এমন আকস্মিক পরিদর্শন ও মানবিক সিদ্ধান্ত অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। রাতের মধ্যেই ফ্যান ও ক্যাপাসিটর স্থাপনের কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন একাধিক রোগী ও তাদের স্বজনেরা জানান, প্রশাসনিক ব্যস্ততার মাঝেও হাসপাতালে এসে এভাবে সাধারণ মানুষের দুঃখ-কষ্ট বুঝে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় তারা অত্যন্ত অভিভূত। প্রতিমন্ত্রীর এই মানবিক পদক্ষেপে খুশি হয়ে তার শুভকামনায় দোয়া করেন রোগী ও স্বজনেরা।
সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় নৌ প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান বলেন, স্বাস্থ্যসেবা পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগীদের যেন ন্যূনতম কষ্ট না হয়, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সরকারি নানা উন্নয়নমূলক কাজের পাশাপাশি জনদুর্ভোগ লাঘবে এ ধরনের প্রত্যক্ষ তদারকি ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রতিমন্ত্রীর এই হঠাৎ পরিদর্শন ও দ্রুত পদক্ষেপ গ্রহণ মেহেন্দিগঞ্জের সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









