প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন যুব নেতৃত্বাধীন জোট Alliance for Grassroots Unity for Nature (AGUN)-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ (BYEI) কো ফাউন্ডার সায়েদ মুনতাসির রিদওয়ানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন এলজিইডির সুমাইয়া মামুন, ভূমিহীন কৃষক আন্দোলনের শেখ নাসির উদ্দিন, রিভারাইন পিপলের শেখ রুকন, সিনিয়র অফিসার্স ওয়াস্কফার্ম জেরিন আক্তার, সাংবাদিক মো.আয়াজ রবি, সংগঠক রুহুল আমিন, আগুন প্রোগ্রামের কো-অর্ডিনেটর রিশাদ হালিমা এবং AGUN-এর প্রতিনিধি হিমু রাজ, রাতুল মুন্সী, রবিউল ইসলাম, বিথী আক্তার ও কুহিনূর বেগম,প্রমুখ।
বিভিন্ন সামাজিক, পরিবেশবাদী, কৃষক, শ্রমিক, জেলে, গবেষক ও সাংবাদিক প্রতিনিধিদের উপস্থিতিতে জোটটির আনুষ্ঠানিক কার্যক্রম ঘোষণা করা হয়।
বক্তারা বলেন, তৃণমূল জনগোষ্ঠীর অধিকার রক্ষা, পরিবেশগত সংকট মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমাতে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। দেশের বিভিন্ন অঞ্চলে মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে এই জোট গড়ে তোলা হয়েছে।
আয়োজকরা জানান, AGUN তৃণমূল জনগোষ্ঠীর জীবন-জীবিকা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, শ্রমিক-কৃষকের অধিকার এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে কাজ করবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, নীতিনির্ধারণে জনসম্পৃক্ততা বৃদ্ধি, গবেষণা, জনসচেতনতা এবং বিভিন্ন সংগঠনের মধ্যে সমন্বয় জোরদারে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করা হবে। নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে জোটের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









