পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা যুবদলের সদ্য ঘোষিত আংশিক কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের রাখার অভিযোগ উঠেছে। এই কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীরা।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলা সদরের সুবিদখালী হাইস্কুল সংলগ্ন বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা পর্যায়ের শত শত নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন রাজপথে থেকে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী ত্যাগী মুখগুলোকে কমিটিতে মূল্যায়ন করা হয়নি। এর পরিবর্তে বিতর্কিত ব্যক্তি, চাকরিজীবী এবং মাদক কারবারিদের আংশিক কমিটিতে পদ দেওয়া হয়েছে, যা তৃণমূলের নেতাকর্মীদের মনে চরম ক্ষোভের জন্ম দিয়েছে।
বক্তারা বলেন, এ ধরনের বিতর্কিত কমিটি সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে। অবিলম্বে বর্তমান আংশিক কমিটি বাতিল ঘোষণা করে পরীক্ষিত ও রাজপথের কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা। নির্ধারিত সময়ের মধ্যে এই কমিটি সংশোধনের বা বাতিলের ঘোষণা না এলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন ক্ষুব্ধ নেতারা।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সুজন হাওলাদার, বাবুল মুন্সি, শাহীন ফরাজি ও সৌরভ মুন্সি প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









