নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় সাদবিন ইসলাম (২৪) নামে এক তরুণ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ফুয়াদ হোসেন নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
রবিবার (৩০ আগষ্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের মুজা মোড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত সাদবিন ইসলাম নীলফামারী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী। তিনি সৈয়দপুর শহরের ইসলামবাগ (চিনি মসজিদ) এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. সেলিম।
স্থানীয়রা জানান, রাতে সাদবিন ও ফুয়াদ একটি মোটরসাইকেলে করে সৈয়দপুর বাইপাস সড়ক দিয়ে গোলাহাট হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মুজা মোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক সাদবিন ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহী ফুয়াদ হোসেন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহত ফুয়াদকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, এলাকার নম্্র ও ভদ্র স্বভাবের তরুণ শিক্ষার্থী সাদবিনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









