জামালপুরের বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৩০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার দক্ষিণ বাজার বড় মসজিদ সংলগ্ন মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের এক ঘণ্টার যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে পৌর এলাকার দক্ষিণ বাজার বড় মসজিদ সংলগ্ন মার্কেটে হঠাৎ করেই একটি দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা চারপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আকস্মিক এ দুর্যোগে আতঙ্ক ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় মসজিদ থেকে আজান দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার ফাইটারদের প্রাণপণ চেষ্টা এবং স্থানীয় শত শত মানুষের সম্মিলিত সহযোগিতায় দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে এর আগেই জমজম হোটেল ও রিপন মোদকের মুদি দোকানসহ অন্তত ৬টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন বণিক সমিতির ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন এবং ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান এবং দ্রুত সহায়তার আশ্বাস দেন।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









