মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি
সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে কেটে পাচারকালে বিপুল পরিমাণ মূলী বাঁশসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে বন বিভাগ।
সোমবার (৩১ আগস্ট) রাতে হবিগঞ্জর মাধবপুর উপজেলার নোয়াহাটি বাজারসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, হবিগঞ্জের রঘুনন্দন রেঞ্জের অধীন জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বন বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নোয়াহাটি বাজারসংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি মিনি ট্রাকের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। ট্রাকটিতে বিপুল পরিমাণ মূলী বাঁশ পাওয়া যায়।
বন বিভাগের ধারনা, বাঁশগুলো সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে কেটে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দ করা মিনি ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ন-১৬-৮০৬৩। পরে স্থানীয়দের সহযোগিতায় বাঁশবোঝাই ট্রাকটি জগদীশপুর ফরেস্ট বিট কাম অফিসে নিয়ে হেফাজতে রাখা হয়। স্থানীয়দের অভিযোগ, মাধবপুরসহ হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র গাছ ও বাঁশসহ বিভিন্ন বনজসম্পদ অবৈধভাবে কেটে পাচার করছে। দিনের পাশাপাশি রাতের আঁধারেও বিভিন্ন আঞ্চলিক সড়ক ব্যবহার করে এসব বনজসম্পদ পাচার করা হয়। এতে বনভূমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য ও বন্যপ্রাণীর আবাসস্থল হুমকির মুখে পড়ছে।
বনজসম্পদ পরিবহন নিয়ন্ত্রণে শায়েস্থাগঞ্জ ও জগদীশপুর তেমুনিয়াসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বন বিভাগের চেক স্টেশন রয়েছে। তবে সংশ্লিষ্টদের মতে, এসব চেক স্টেশন ও বিটে পর্যাপ্ত জনবল এবং যানবাহনের সংকট রয়েছে। ফলে বনজসম্পদ বহনকারী সব যানবাহন নিয়মিত থামিয়ে তল্লাশি ও কাগজপত্র যাচাই করা সম্ভব হয় না। এর আগে হবিগঞ্জের সাতছড়ি বনাঞ্চল থেকে গাছ পাচারের ঘটনায় বন বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ঘটনাও ঘটেছে। ফলে সংরক্ষিত বনাঞ্চলের সম্পদ রক্ষায় বন বিভাগের নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, “সংরক্ষিত বনাঞ্চলের সম্পদ রক্ষায় নিয়মিত টহলের পাশাপাশি ঝটিকা অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা বাঁশ ও মিনি ট্রাকের বিষয়ে বন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বনজসম্পদ পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









