গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দিতে শ্রীশ্রী গুরুচাঁদ-সত্যভামা মন্দিরের চূড়ায় মতুয়াদের জয় পতাকা ‘নিশান’ প্রতিস্থাপন কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ শহরের সাহাপাড়ায় মতুয়া নিশান প্রতিস্থাপন কর্মসূচি বাস্তবায়ন কমিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরি মতুয়াচার্য্য শ্রী সম্পদ ঠাকুর।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “শ্রীধাম ওড়াকান্দিতে শ্রীশ্রী গুরুচাঁদ-সত্যভামা মন্দিরের চূড়ায় মতুয়া জয় পতাকা ‘নিশান’ প্রতিস্থাপনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ দাবিটি যখন প্রকট হয়ে উঠছে, তখন কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নামে-বেনামে বিভিন্ন আইডি ও পেজ ব্যবহার করে কর্মসূচিকে কেন্দ্র করে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।”
তিনি আরও বলেন, “ঠাকুরবাড়ির সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিকৃত ছবি ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। পাশাপাশি কয়েকজন নিবেদিতপ্রাণ ও আদর্শিক মতুয়ার ওপর এসব কর্মকাণ্ডের দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
সংবাদ সম্মেলনে কয়েকটি ফেসবুক আইডি ও পেজ থেকে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। এর মধ্যে রয়েছে— ‘বাংলাদেশ মতুয়া মহাসংঘ’, ‘প্রজাপতি বার্তা পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুর’, ‘পাগল অপূর্ব রায়’, ‘দীপঙ্কর বালা’, ‘উজ্জ্বল কুমার দান’ ও ‘মতুয়া ডাঙ্কা’। এছাড়াও আরও কয়েকটি আইডি ও পেজ থেকে কর্মসূচি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি এবং তা বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলে দাবি করা হয়।
শ্রী সম্পদ ঠাকুর বলেন, “মতুয়া ভক্তদের উদ্দেশে বিভিন্ন ধরনের গালিগালাজ ও কুরুচিপূর্ণ মন্তব্য করে তাদের সম্মানহানি করা হচ্ছে। এসব আইডি ও পেজের সঙ্গে জড়িতদের শনাক্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
একই সংবাদ সম্মেলনে শ্রীধাম ওড়াকান্দি মতুয়া নিশান প্রতিস্থাপন কর্মসূচি বাস্তবায়ন কমিটির মুখপাত্র মতুয়া বিদুর বিশ্বাস বলেন, “বিশ্বের যেসব ভক্ত রয়েছেন, তারা যে মত বা পথেরই অনুসারী হোন না কেন, একজন ঠাকুরের ছবি বিকৃত করা হচ্ছে এবং তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এসব আইডির সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।”
সংবাদ সম্মেলনে বিপুল চন্দ্র মৌলিক, হিরন্ময় মজুমদার, দ্বীপ ঠাকুরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









