তিন দিনের উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার (৩১ আগস্ট) সকালে সফরের শুরুতে তিনি তেঁতুলিয়ার ঐতিহাসিক মহানন্দা নদী ও ডাকবাংলো এলাকা ঘুরে দেখেন। পরে বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছে সীমান্ত এলাকা পরিদর্শন করেন এবং সেখানে কিছু সময় অবস্থান করেন। এ সময় তিনি জিরো পয়েন্ট এলাকায় ছবি তোলেন ও সেলফি তোলেন।
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন এবং তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান।
বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূতের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও রকস মিউজিয়াম পরিদর্শনের কথা রয়েছে। সফরের শেষ দিকে তিনি পঞ্চগড় সার্কিট হাউসে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
তিন দিনের উত্তরাঞ্চল সফরে মার্কিন রাষ্ট্রদূতের এ পরিদর্শনকে ঘিরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









