কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় পোল্ট্রি, গবাদি ও মৎস্য খাদ্যের অযৌক্তিক ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে প্রান্তিক খামারিরা। “খামারি বাঁচলে- দেশ বাঁচবে” এবং “ফিডের সিন্ডিকেট ভাঙতে হবে” শ্লোগানকে সামনে রেখে ‘কুষ্টিয়া প্রান্তিক পোল্ট্রি খামারি ঐক্য পরিষদ’ ও ‘কুষ্টিয়া পোল্ট্রি এসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে খামারিরা এক মানববন্ধনে মিলিত হন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে স্থানীয় বাজারে পোল্ট্রি ফিড ও মুরগির বাচ্চার দাম দুই দফায় অযৌক্তিক ও অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। এর ফলে উৎপাদন ব্যয় ব্যাপক বৃদ্ধি পাওয়ায় প্রান্তিক খামারিরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ইতোমধ্যে অনেক খামারি খামার বন্ধ করতে বাধ্য হয়েছেন, যা স্থানীয় ডিম ও মুরগির বাজারে বিরূপ প্রভাব ফেলছে। বক্তারা দ্রুত সময়ের মধ্যে অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার, সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং বাজার মনিটরিং জোরদার করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন, সহ-সভাপতি সুজন আহম্মেদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। স্মারকলিপিতে খামারিদের স্বার্থ রক্ষায় ফিড ও বাচ্চার ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজার তদারকি জোরদার করতে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









