পটুয়াখালীতে জাল টাকা রাখার মামলায় মো. শামীম হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন জানান, ২০২০ সালে শামীম হোসেনকে এক লাখ টাকার জাল নোটসহ গলাচিপায় গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫এ/বি ধারায় মামলা করা হয়। পরে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
পিপি বলেন, “মামলার বিচারকাজে রাষ্ট্রপক্ষের এজাহারকারী এসআই নজরুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামানসহ মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এই সাজা দেন। দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা মামলাগুলোর বিচার শেষ হওয়ার মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার একটি প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









