বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচির পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে জেলার সাত উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি। প্রধান বক্তা ছিলেন গাইবান্ধা-১, ২, ৩ ও ৫ আসনের সংরক্ষিত সংসদ সদস্য মমতাজ আলো।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব ও পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, ‘‘আগামী দিনে বিএনপিকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে।’’
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দলের মনোনীত প্রার্থীদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে তাদের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি। বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
দিনব্যাপী কর্মসূচিতে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









