সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আগে উপজেলা যুবদল এবং বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে সমবেত হন। পরে উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীনের সভাপতিত্বে এবং প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর ও যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈমের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে এম কয়ছর আহমদ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে বলেন, ‘‘দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির ভূমিকা গুরুত্বপূর্ণ।’’ একই সঙ্গে শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন এবং শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে মাদকমুক্ত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। পরে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাহবুবা কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









