কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, কৃষির উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। কৃষকের উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন, সরকার তা করতে মানসিকভাবে প্রস্তুত। আগামী দিনে বাংলাদেশের কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবেন। এতে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। কৃষিপণ্যই হবে বাংলাদেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য—এটাই সরকারের প্রতিজ্ঞা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশের একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। দেশের কল্যাণে তিনি জীবন উৎসর্গ করেছেন। মৃত্যুর পর তাঁর ভাঙা সুটকেস ও ব্যাংক হিসাবে সাড়ে ৩৫০ টাকা পাওয়া গিয়েছিল। আমরা সেই জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, যে নেতার রাজনীতি করেন, তার চরিত্রের সঙ্গে নিজের চরিত্র কতটুকু মেলে, তা প্রত্যেক নেতা-কর্মীকে খেয়াল রাখতে হবে। মুখের কথা, অন্তরের কথা ও মাথার চিন্তা যেন এক হয়। তাহলেই দেশ সুন্দর হবে, সরকার প্রশংসিত হবে এবং জনগণ বারবার ভোট দিয়ে ক্ষমতায় আনবে।

মন্ত্রী বলেন, আগামী প্রজন্ম অনেক সচেতন। তারা নেতাদের কথা ও কাজের বাস্তব প্রতিফলন দেখতে চায়। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা আমাদের পবিত্র দায়িত্ব।
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভা পরিচালনা করেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









