পাবনার চাটমোহর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৮টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রনি আহমেদ-এর নেতৃত্বে এ তদারকি অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রি, পণ্যের সঠিক তথ্য প্রদর্শনে অনিয়ম এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে অন্নপূর্ণা প্রতিষ্ঠানে বিএসটিআই অনুমোদন ছাড়াই নকল ঘি বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া ঘি সংগ্রহের উৎস ও বৈধ চুক্তিপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একইসঙ্গে সোনা মিষ্টান্ন ভাণ্ডার কর্তৃপক্ষ মিষ্টি তৈরিতে ভেজাল ঘি ব্যবহারের বিষয়টি স্বীকার করায় প্রতিষ্ঠান দুটিকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
সরিষার তেলের সঙ্গে ক্যানোলা তেল মিশিয়ে ভেজাল তেল বিক্রির অভিযোগে সজিব মিল-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মনি স্টোরে নকল পাউডার ও বোতল বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা, স্বাদ রেস্টুরেন্টে পাউরুটি ও কেকের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং মূল্য উল্লেখ না থাকায় ৩০ হাজার টাকা এবং স্টার হোটেলে দইয়ের প্যাকেটে মূল্য উল্লেখ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. রনি আহমেদ বলেন, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে আমাদের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। যারা ভেজাল বা নকল পণ্য উৎপাদন ও বিক্রির মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের অবশ্যই আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা প্রতারণার তথ্য পেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।
ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং বাজারে নিরাপদ খাদ্যপণ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









