বরগুনায় ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ ২২৬ জন শিক্ষার্থীর মাঝে মোট ১৩ লাখ ৯ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেছে বরগুনা জেলা পরিষদ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা পরিষদ কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তির চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মনি এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন।
বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও বরগুনা জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বরগুনা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা), বরগুনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মতিউর রহমানবর্গ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল মালেক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা জানান, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং মেধাবীদের যোগ্য মূল্যায়নই আমাদের আগামী দিনের সুন্দর স্বপ্ন পূরণ করবে।স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ত্বরান্বিত করতে ও মেধার সঠিক মূল্যায়নে বরগুনা জেলা পরিষদ সবসময় এ ধরনের জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখবে।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে উত্তীর্ণ ২২৬ জন কৃতী শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









