সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে পটুয়াখালীর মির্জাগঞ্জে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। উপজেলার প্রধান ও কেন্দ্রীয় পূজামণ্ডপ সুবিদখালী বাজার সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কমপ্লেক্সে এখন চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের নান্দনিক কাজ। দিনরাত এক করে নিখুঁত কারুশিল্পে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন খ্যাতনামা প্রতিমাশিল্পী শ্রী প্রসীত মণ্ডল ও তাঁর সহকর্মীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, বাঁশ, খড়, মাটি ও সুতার সাহায্যে প্রাথমিক কাঠামো তৈরির পর এখন চলছে সূক্ষ্ম নকশা ও অলংকরণের কাজ। দেবী দুর্গা, মহিষাসুর, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এবং বিভিন্ন বাহনের অবয়ব ফুটিয়ে তুলতে শিল্পীরা নিপুণ হাতের ছোঁয়া ব্যবহার করছেন। মাটির এই শৈল্পিক কারুকার্য দেখতে এবং উৎসবের আগাম আমেজ উপভোগ করতে প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে কৌতূহলী দর্শনার্থী ও ভক্তরা ভিড় জমাচ্ছেন মন্দির প্রাঙ্গণে।
মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবারের মতো এবারও শান্তিপূর্ণ ও জাঁকজমকপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন কমিটির যৌথ উদ্যোগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মাটির কাজ শেষ হলেই শুরু হবে রং ও তুলির আঁচড়ের শেষ মুহূর্তের রূপদান। নির্দিষ্ট সময়ের মধ্যেই এই নান্দনিক প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন আয়োজকরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









