বাংলাদেশে বেড়াতে এসে নিজ দেশে ফেরার পথে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে অসুস্থ হয়ে গৌতম মিস্ত্রি নামে এক ভারতীয় পাসপোর্ট যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি ভারতের কলকাতার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর T3361611।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে বেনাপোল চেকপোস্টে একটি পরিবহন থেকে নামার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গৌতম মিস্ত্রি। এ সময় তার বুকে ব্যথা অনুভূত হয়। সঙ্গে থাকা স্ত্রী তাকে উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, গত ২২ আগস্ট গৌতম মিস্ত্রি ও তার স্ত্রী ঝর্ণা মিস্ত্রি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তারা বরিশালে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। কয়েকদিন অবস্থান শেষে বুধবার ভোরে তারা ভারতে ফেরার উদ্দেশ্যে বেনাপোলে আসেন। চেকপোস্ট এলাকায় পৌঁছানোর পরই অসুস্থ হয়ে পড়েন গৌতম।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, একজন ভারতীয় পাসপোর্ট যাত্রীর মৃত্যুর খবর তিনি শুনেছেন। তার স্ত্রী সঙ্গে রয়েছেন। মরদেহ ভারতে পাঠানোর জন্য ভারতীয় হাইকমিশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। কাগজপত্র পাওয়া গেলে ভারতীয় ইমিগ্রেশনের সঙ্গে যোগাযোগ করে মরদেহ ভারতে পাঠানোর ব্যবস্থা করা হবে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, বুধবার সকালে নিজ দেশে ফেরার উদ্দেশ্যে গৌতম মিস্ত্রি বেনাপোলে আসেন। সেখানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তার স্ত্রী তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









