সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদন দীর্ঘদিনের একটি প্রত্যাশার অবসান ঘটিয়েছে। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ক্রয়ক্ষমতা কমে যাওয়ার বাস্তবতায় এই বেতন বৃদ্ধি নিঃসন্দেহে প্রয়োজনীয় ছিল। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি হারে বেতন বাড়ানোর সিদ্ধান্ত আয়বৈষম্য কমানো ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার দৃষ্টিকোণ থেকে ইতিবাচক।
নতুন কাঠামোয় ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। দীর্ঘ সময় পর বেতন কাঠামো সংশোধন হওয়ায় সরকারি চাকরিজীবীদের আর্থিক চাপ কিছুটা কমবে। অবসরপ্রাপ্তদের জন্য স্ল্যাবভিত্তিক পেনশন বৃদ্ধি, কম পেনশনপ্রাপ্তদের বিশেষ সুবিধা, বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য ভাতা এবং কর্মচারীদের মোবাইল ভাতার ব্যবস্থাও সময়োপযোগী উদ্যোগ।
তবে বেতন বৃদ্ধির সঙ্গে সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জও তৈরি হয়েছে। নতুন কাঠামো বাস্তবায়নে বেতন, ভাতা ও পেনশন বাবদ বছরে অতিরিক্ত প্রায় ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা প্রয়োজন হবে। এই বিপুল অর্থের সংস্থান কীভাবে দীর্ঘমেয়াদে করা হবে, সেটিই এখন বড় প্রশ্ন। টেকসই রাজস্ব আহরণ, সরকারি ব্যয়ে দক্ষতা বৃদ্ধি এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর মাধ্যমে এই অর্থের সংস্থান করতে হবে। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা মূল্যস্ফীতি।
সরকারি কর্মচারীদের আয় বাড়ার ফলে ভোগব্যয় বাড়তে পারে। উৎপাদন ও সরবরাহ একই হারে না বাড়লে অতিরিক্ত চাহিদা বাজারে মূল্যস্ফীতির চাপ তৈরি করতে পারে। ফলে বেতন বৃদ্ধির সুফল ধরে রাখতে বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিত করা, প্রতিযোগিতা বাড়ানো, পরিবহন ব্যয় কমানো, আমদানি ব্যবস্থাপনা উন্নত করা এবং বাজার তদারকি জোরদার করা জরুরি। বেতন বাড়ার সঙ্গে যদি নিত্যপণ্যের দামও দ্রুত বাড়ে, তাহলে প্রকৃত আয় বৃদ্ধির সুফল অনেকটাই হারিয়ে যাবে।
মূল বেতন ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারের আর্থিক সক্ষমতার বিবেচনায় বাস্তবসম্মত। তবে এ ক্ষেত্রে সুস্পষ্ট সময়সূচি ও পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে নিয়োগ, পদোন্নতি, পদায়ন ও কর্মদক্ষতা মূল্যায়নে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বেতন বৃদ্ধি কর্মপ্রেরণা বাড়াতে পারে, কিন্তু শুধু বেশি বেতন দিলেই দক্ষ ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত হয় না। সরকারি অফিসে হয়রানি কমানো, সেবা প্রদানে নির্দিষ্ট সময়সীমা, ডিজিটাল সেবা সম্প্রসারণ, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং কর্মদক্ষতার জবাবদিহি নিশ্চিত করতে হবে।
জনগণ যে অর্থে রাষ্ট্র পরিচালনার ব্যয় বহন করে, তার বিনিময়ে তারা মানসম্মত সেবা পাওয়ার অধিকার রাখে। এই বেতন বৃদ্ধির প্রভাব বেসরকারি খাতেও পড়বে। তাই সামগ্রিক অর্থনীতিতে ন্যায্য মজুরি ও আয় নিশ্চিত করার বিষয়টি নিয়েও রাষ্ট্রকে ভাবতে হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় জনবল ও সরকারি ব্যয় কমিয়ে প্রযুক্তিনির্ভর দক্ষ প্রশাসন গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।
সব মিলিয়ে নতুন বেতন স্কেল সময়ের দাবি পূরণ করেছে। এখন এর সফলতা নির্ভর করবে অর্থায়নের সক্ষমতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সরকারি সেবার মান বৃদ্ধির ওপর। বেতন বাড়ুক, কিন্তু তার সঙ্গে বাড়ুক দায়িত্ববোধ, দক্ষতা, সততা ও জবাবদিহি। তাহলেই এই বড় আর্থিক বিনিয়োগ রাষ্ট্র ও জনগণের জন্য সত্যিকার সুফল বয়ে আনবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









