‘অন্ধকারে জ্বলবে আলো, কৃষক থাকবে নিরাপদ’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পাহাড়ি এলাকার কৃষকদের ফসল ও বসতবাড়ি বন্য হাতির আক্রমণ থেকে রক্ষায় জগ লাইট বিতরণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ কৃষকদের হাতে লাইট তুলে দেন।
প্রশাসক বলেন, ‘‘পাহাড়ি কৃষকদের দীর্ঘদিনের অন্যতম সমস্যা বন্য হাতির উপদ্রব। রাতের আঁধারে হাতির পাল নেমে এসে কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি করে। কৃষকদের নিরাপত্তা ও ফসল রক্ষায় আলোর ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘পাহাড়ি কৃষকদের কষ্ট ও ক্ষয়ক্ষতি কমাতে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব, কৃষকের ফসল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। কৃষক বাঁচলে বাঁচবে কৃষি, আর কৃষি বাঁচলেই সমৃদ্ধ হবে শেরপুর।’’
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিনসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









