গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে কুলসুম বেগম নামে (৮৫) এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পিঙ্গলিয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুলসুম বেগম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার উথলী গ্রামের বাসিন্দা। তিনি এখানে মেয়ের জামাইয়ের বাড়িতে থাকতেন।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো আজও রেললাইনে হাঁটতে যান কুলসুম বেগম। এসময় ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী ভাটিয়াপাড়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
তিনি আরও জানান, বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানাকে জানানো হয়েছে। তারা এসে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









