জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে বসতঘরে চুরির চেষ্টাকালে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে বরগুনা সদর থানা পুলিশ। পরে আদালতে দোষ স্বীকার করায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হাসনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরধুপতি এলাকায় এ ঘটনা ঘটে।’’
পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার মো. রুহুল আমিন আকনের বসতঘরে চুরির চেষ্টা করা হচ্ছিল। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে বরগুনা সদর থানার এসআই (নিরস্ত্র) সাইফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, আদালতে হাজির করা হলে আসামি নিজের দোষ স্বীকার করেন। পরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান সামারি ট্রায়ালের মাধ্যমে দণ্ডবিধির ৪৫৪ ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হাসনাইন পারভেজ বলেন, ‘‘অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









