আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম কাজীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ইটবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইটবাড়িয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইটবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম কাজী অভিযোগ করে বলেন, গত ৩১ আগস্ট ‘মুখোশ উন্মোচন’ নামের একটি ফেসবুক পেজ থেকে তাকে ও তার পরিবারের সদস্যদের জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে।
তিনি বলেন, “আমি দীর্ঘকাল ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের গঠনতন্ত্র অনুযায়ী সততার সঙ্গে ইটবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছি। আমাকে বা আমার ছেলেকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত করার যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।”আসন্ন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করতেই একটি কুচক্রী মহল এই অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি।
দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি বলেন, “দলীয় ফোরামে ইউনিয়ন, উপজেলা ও জেলা বিএনপি যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তবেই আমি নির্বাচনে অংশ নেব; অন্যথায় নির্বাচন করব না। আমার কোনো ভুলত্রুটি থাকলে দলীয়ভাবে আলোচনা করে সংশোধনের সুযোগ রয়েছে, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসা রটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”অপপ্রচারের এই ঘটনায় ইতোমধ্যে সংশ্লিষ্ট থানা, এনএসআই ও সিআইডির কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইটবাড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন হাওলাদার, সদস্য সচিব রাসেল হাওলাদার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাসির গাজীসহ ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ অবিলম্বে এই অপপ্রচারকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









