পিরোজপুরের মঠবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল ও শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মঠবাড়িয়া-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কে ছাত্রলীগের মিছিলটি দেখা যায়।
ভাইরাল হওয়া ভিডিও এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া উপজেলা, পৌরসভা ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে একদল নেতাকর্মী আকস্মিক রাজপথে নেমে আসেন। ‘প্রত্যাবর্তন ২.০’ স্লোগানকে সামনে রেখে ছাত্রলীগের নেতাকর্মীরা মঠবাড়িয়া-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কে একটি মিছিল বের করেন।
মিছিলটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় আ. লীগ নেতা আশরাফুর রহমানের ছবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ডসহ শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে নানা স্লোগান দিতে দিতে সড়ক প্রদক্ষিণ করে।
ছাত্রলীগের আকস্মিক মিছিলের বিষয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, ‘‘নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্য দিবালোকে আঞ্চলিক মহাসড়কে লাঠিসোঁটা ও প্ল্যাকার্ড নিয়ে কীভাবে এমন শোডাউন করে! এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’’
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘‘নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের খবর শুনেছি। এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









