ভালো কাজের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষদের সিলেটে এনে বাসায় আটকে রেখে ভারতে পাচারের অভিযোগ উঠেছে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে। সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের ভারতে পাচার করা হতো বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম।
উপকমিশনার জানান, বৃহস্পতিবার নগরের মীরেরচকের একটি বাসা থেকে আটজনকে উদ্ধার করে শাহপরান থানার পুলিশ। উদ্ধার ব্যক্তিদের মধ্যে একজন নারী, তিন শিশু ও চারজন পুরুষ রয়েছেন। এ সময় রেনু বেগম (২৮) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের রুবেল মিয়ার স্ত্রী।
মো. মনজুরুল আলম বলেন, রুবেল মিয়া ও তার স্ত্রী রেনু বেগম মিলে মানবপাচার চক্রটি গড়ে তুলেছেন। তাদের সঙ্গে আরও কয়েকজন সহযোগী রয়েছেন। চক্রটি দেশের বিভিন্ন স্থান থেকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে নারী-পুরুষদের সিলেটে এনে আটকে রাখত। পরে সীমান্ত দিয়ে তাদের ভারতে পাচার করা হতো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









