পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘‘সরকার দায়িত্ব নিয়েছে মাত্র ছয় মাস হয়েছে, এর মধ্যে সব কাজ শেষ হয় না। এটা তো বিরোধী দলের বোঝা উচিত। ছয় মাসের মাথায় ওনারা লংমার্চ করবেন। আমরা ফটোসেশনের রাজনীতি করি না, ফটো শো’র রাজনীতিও করি না।’’
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের মাদামব্রীজ এলাকায় রহমতখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘‘আমরা ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবো। অনেক নেতা ছিলেন, কিন্তু খাল খনন করে দেশের মানুষকে সুবিধা দেওয়ার কাজ কেউ করেননি।’’
খাল পুনঃখননের সুফল ইতোমধ্যে মানুষ পেতে শুরু করেছে দাবি করে এ্যানি বলেন, তারেক রহমানের দূরদর্শী চিন্তা ও পরিকল্পনা থেকেই খাল পুনঃখননের কাজ হাতে নেওয়া হয়েছে এবং তা শুরু হয়েছে। খাল পুনঃখননের মাধ্যমে সেচ সুবিধা, পয়নিষ্কাশনসহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা পাওয়া যাচ্ছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সারাদেশে নদী-নালা-খাল ও জলাশয় পরিষ্কারের অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি প্রফেসর আ.হ.ম মোশতাকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষক দল সভাপতি মাহাবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।
এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









