‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই অঙ্গীকারকে সামনে রেখে পরিচ্ছন্ন ও বাসযোগ্য এক নতুন পৌর শহর গড়ার প্রত্যয়ে বরিশালের বাকেরগঞ্জে পরিচালিত হলো পরিচ্ছন্নতা অভিযান। বাকেরগঞ্জ পৌর প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’ এর যৌথ উদ্যোগে আজ এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী ও স্থানীয়দের শপথ বাক্য পাঠের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, ‘‘আমাদের মূল লক্ষ্য বাকেরগঞ্জবাসীকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর উপহার দেওয়া। আজকের এই অভিযানের মূল বার্তা হলো সচেতনতা তৈরি করা। তবে শুধু পরিষ্কার করাই শেষ কথা নয়, পৌরবাসীকেও এটি ধরে রাখার দায়িত্ব নিতে হবে। যত্রতত্র প্লাস্টিক বোতল, পলিথিন কিংবা চিপসের প্যাকেট ফেলা বন্ধ করতে হবে। আশা করি, এ উদ্যোগ দেখে অন্যান্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও এগিয়ে আসবে।’’
উদ্বোধনের পরপরই বিডি ক্লিনের শতাধিক তরুণ স্বেচ্ছাসেবী এবং প্রশাসনের সদস্যরা অভিযানে নামেন। বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কের দুই পাশে ও ডোবায় দীর্ঘদিন ধরে জমে থাকা প্লাস্টিক বর্জ্য ও ময়লা-আবর্জনা নিমিষেই পরিষ্কার করা হয়।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল জানান, গত এক সপ্তাহ ধরেই বাকেরগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। আজ বিডি ক্লিনকে সাথে নিয়ে বাসস্ট্যান্ড এলাকার মহাসড়ক পরিচ্ছন্ন করা হলো। আগামীতে বাকেরগঞ্জকে পুরোপুরি প্লাস্টিকমুক্ত ও পরিচ্ছন্ন করতে আরও বড় পরিসরে এই ধারাবাহিকতা বজায় রাখা হবে।
অভিযানে বিডি ক্লিন বরিশাল বিভাগের সমন্বয়ক জায়েদ ইরফান বলেন, ‘‘বাকেরগঞ্জকে পরিচ্ছন্ন রূপ দিতে বরিশাল ও বাকেরগঞ্জ টিমের যৌথ সমন্বয়ে এই বিশেষ কার্যক্রম পরিচালিত হয়েছে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্রুজ্যোতি বড়াল, পৌরসভা বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কামরুল হুদা সুমনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









