চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুটি ঘটনায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা এবং পদ্মা নদীতে গোসল করতে নেমে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর-বাবুপুর গ্রাম ও উজিরপুর সাত্তার মোড় এলাকায় এসব ঘটনা ঘটে।
শুক্রবার বিকেল ৪টার দিকে নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর-বাবুপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী মনোয়ারা বেগমকে (৬০) ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন তাঁর স্বামী মফিজুল হক (৭৫)। পরে তিনি ঘরের ফ্যান ঝোলানোর হুকের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে কলহ চলছিল। শুক্রবার বিকেলে কথা-কাটাকাটির একপর্যায়ে মফিজুল হক তাঁর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঘটনার কিছু সময় পর মফিজুল হকের পুত্রবধূ শাপলা বেগম বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে মনোয়ারা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি স্থানীয়দের জানালে তাঁরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় মনোয়ারাকে মৃত এবং মফিজুল হককে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মফিজুল হক প্রথমে তাঁর স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে নিজে ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অন্যদিকে, একই দিন দুপুরে উপজেলার উজিরপুর সাত্তার মোড় এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে সোহান আলী (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত সোহান ওই এলাকার সেলিম রেজার ছেলে।
জানা গেছে, দুপুরে সহপাঠীদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে সোহান। একপর্যায়ে অসাবধানতাবশত সে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা খবর পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অন্তর আহসান জানান, শিশুটিকে হাসপাতালে আনার সময়ই মৃত অবস্থায় ছিল। পরে ইসিজি পরীক্ষা করে তার মৃত্যু নিশ্চিত করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, শিশুটির মরদেহ পরিবারের হেফাজতে রয়েছে।
একই দিনে শিবগঞ্জে পৃথক দুটি ঘটনায় মোট তিনজনের মৃত্যুতে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









