চুয়াডাঙ্গায় নানাবাড়িতে বেড়াতে এসে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাহফুজা খাতুন (৫) নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের ডম্বলপুর ক্যানেলের ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজা খাতুন আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু গ্রামের মামুন আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে মায়ের সাথে ডম্বলপুর গ্রামে নানা শের আলীর বাড়িতে বেড়াতে এসেছিল শিশু মাহফুজা। ঘটনার দিন বিকেলে ক্যানেলের অপর পাশে সিন্নি খেয়ে রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









