পাবনার চাটমোহরে গভীর রাতে এক গৃহবধূর ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. রবি (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
আটক মো. রবি উপজেলার চড়ইকোল গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ (৩৮) চড়ইকোল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার স্বামী ঢাকায় গাড়ি চালানোর কাজ করেন এবং অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযুক্ত রবি কৌশলে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
ভুক্তভোগী চিৎকার শুরু করলে পাশের ঘর থেকে তার ১৪ বছর বয়সী মেয়ে ছুটে আসে। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে রবিকে আটক করেন এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









