সামাজিক আধিপত্য ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- হামিদ শেখ (৭৫), তার ছেলে শফিকুল ইসলাম (৪৫), ইকবল হোসেন (৪৫), ইসমাইল শেখ (৪০), রতন শেখ (৩৫), লালচাঁদ হোসেন, শিক্ষার্থী বাপ্পি শেখ (১৯), রাজীব হোসেন (১২)।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রাকিবুল ইসলাম খান দিপু এবং ইউনিয়ন বিএনপির সভাপতি জামির হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে দলিলপুর মাঠে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে গড়ায়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন শিক্ষার্থী রয়েছেন। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘‘পরিস্থিতি নিয়ন্ত্রণে দলিলপুর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









