নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় সিমেন্ট বহনকারী দুটি বোটও জব্দ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে হাতিয়া থানার আওতাধীন মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি দুপুরে নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক দুটি বোটের গতিবিধি দেখে কোস্ট গার্ডের সদস্যরা তাতে তল্লাশি চালান। পরে বোট দুটিতে বিপুল পরিমাণ সিমেন্ট পাওয়া যায়।
গণনা করে মোট ৫৯৫ বস্তা সিমেন্ট পাওয়া যায়। কোস্ট গার্ডের হিসাবে জব্দ করা সিমেন্টের আনুমানিক মূল্য ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। শুল্ক-কর ফাঁকি দিয়ে এসব সিমেন্ট মায়ানমারে পাচারের জন্য নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।
অভিযানের সময় বোটে থাকা ১২ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে পাচারকাজে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবৈধভাবে পণ্য পাচারের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









