সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল বলেছেন, "দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্টবিরোধী আন্দোলন-সংগ্রামে যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, আজ অনেক ক্ষেত্রেই তারা পিছনের সারিতে পড়ে আছেন। নতুনদের ভিড়ে দলের পুরনো ও ত্যাগী নেতাকর্মীরা যেন হারিয়ে না যান, সেদিকে নেতৃত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।"
তিনি আরও বলেন, "এই দিন দিন নয়, আরও দিন আছে। দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করলে সামনের কঠিন সময়ে আন্দোলন করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না।"
শনিবার (৫ সেপ্টেম্বর) জামালগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের উদ্দেশে এমপি কামরুল বলেন, "তৃণমূলকে শক্তিশালী করতে হলে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। মামলা-হামলা সহ্য করে যারা দলের জন্য মাঠে ছিলেন, তাদের বাদ দিয়ে শক্তিশালী সংগঠন গড়ে তোলা সম্ভব নয়। তৃণমূলের নেতাকর্মীদের অবমূল্যায়ন করে কোনোভাবেই দলকে সুসংগঠিত করা যাবে না।" দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে দ্রুততম সময়ের মধ্যে ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন তিনি। তবে কমিটি গঠনের ক্ষেত্রে যেন কোনো ব্যক্তিস্বার্থ, পক্ষপাতিত্ব বা ভেদাভেদ প্রাধান্য না পায়, সে বিষয়ে কঠোর সতর্কবার্তা দেন। দলের স্বার্থকে সবকিছুর উপরে রেখে সকল ভেদাভেদ ও ভুল বোঝাবুঝি ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মো. আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ছয়টি ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীরা বক্তব্য রাখেন এবং তাদের মতামত তুলে ধরেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, আজাদ হোসেন বাবলু ও মাছুম মাহমুদ তালুকদার।
এছাড়াও সভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, নূরুল হক আফিন্দী, সাবেক সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম বিন বারী, সহ-সভাপতি নূরুল আমিন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল হাসান তালুকদার, যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুক মিয়া তালুকদার, কৃষকদলের আহ্বায়ক মোবারক হোসেন, সদস্য সচিব আসাদ নূর সাদী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান ও সদস্য সচিব আদনান আল ফয়েজ শুভসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সাংগঠনিক সভা শেষে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পৃথকভাবে এক মতবিনিময় সভায় মিলিত হন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









