বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২১ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা দিলীপ আগরওয়ালাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা আবদুল জব্বারের হত্যাচেষ্টা মামলায় তাকে এ রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশের আবেদনে বলা হয়, ঘটনার রহস্য উদ্ঘাটন, হামলায় জড়িত অন্য আসামিদের পরিচয় শনাক্ত এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের পশ্চিম পাশে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আসামিদের নির্দেশে প্রাণঘাতী অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় গুলিতে মামলার বাদী মেরুদণ্ডের নিচে ও কোমরের ওপরের অংশে আহত হন। পরে তাকে দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এ ঘটনায় ২০২৫ সালের ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়।
এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) স্বর্ণ ও হীরা কেনার উৎস এবং অর্থপাচারের অভিযোগে গুলশান থানায় করা একটি মামলায় দিলীপ কুমার আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল। শুনানি শেষে আসামিপক্ষের জামিন আবেদন নাকচ করে আদালত এক দিনের রিমান্ডের আদেশ দেন।
এরও আগে সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
দিলীপ কুমার আগরওয়ালা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চুয়াডাঙ্গা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
এর আগে, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ আগরওয়ালাকে গ্রেফতার করেছিল র্যাব। পরে বিভিন্ন হত্যা ও অর্থপাচারের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এসব মামলায় জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১ অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









