ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ভক্তদের প্রার্থনার মধ্য দিয়ে রাজশাহীতে বিদায় জানানো হয়েছে দেবী দুর্গাকে। ছয় দিনের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষে বুধবার বিজয়া দশমীতে আনন্দ-বিষাদে প্রতিমা বিসর্জন দেন ভক্তরা।
সকালে নগরীর বিভিন্ন মন্দিরে দেবীর চরণে শেষবারের মতো অর্ঘ্য নিবেদন করেন ভক্তরা। ধূপ, প্রদীপ, ফুল ও বেলপাতায় চলে পূজা-অর্চনা। দর্পণ ও ঘট বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয় বিজয়া দশমীর শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা। প্রার্থনায় ভক্তরা পরিবার-পরিজনের মঙ্গল, সবার সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করেন।
পূজার আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় দেবী বরণ ও সিঁদুর খেলা। লাল শাড়ি পরা নারীরা দেবীর কপাল ও পায়ে সিঁদুর ছুঁইয়ে প্রণাম করেন। পরে একে অপরের কপাল ও মুখে সিঁদুর মাখিয়ে মেতে ওঠেন উৎসবে। হাসি-আনন্দের পাশাপাশি দেবীকে বিদায়ের বেদনায় অনেকের চোখ ভিজে ওঠে। এক বছর পর আবারও দেবীর আগমনের প্রত্যাশায় আবেগঘন হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।

দুপুরে নগরীর ফুতকিপাড়া পদ্মার ঘাটে শুরু হয় প্রতিমা বিসর্জন। ভক্তরা দেবীকে সাত পাক ঘুরিয়ে নৌকায় তোলেন। পরে পদ্মার বুকে নৌকায় ঘুরিয়ে অশ্রুসজল চোখে প্রতিমা বিসর্জন দেন তাঁরা। এর মধ্য দিয়ে শেষ হয় এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। রাত ১০টা পর্যন্ত প্রতিমা বিসর্জন চলার কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









