দুর্গাপূজায় ব্যতিক্রমী সাজসজ্জার কারণে আলোচনায় আসা চট্টগ্রামের উত্তর কাট্টলীর তালুকদারবাড়ি বাণীমন্দিরের ‘রিপু রজনী’ মণ্ডপে ঘুরে গেলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরি। মহানবমীতে মণ্ডপটি পরিদর্শনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কিছু ছবিও শেয়ার করেছেন তিনি।
প্রতি বছর দুর্গাপূজায় মণ্ডপের সাজসজ্জা ও প্রতিমা নিয়ে দর্শনার্থীদের মধ্যে আগ্রহ দেখা যায়। তবে এবার চট্টগ্রামের উত্তর কাট্টলীর তালুকদারবাড়ি বাণীমন্দিরের ব্যতিক্রমী আয়োজন ‘রিপু রজনী’ বিশেষভাবে নজর কেড়েছে। প্রচলিত ধারার বাইরে দেবী দুর্গা ও অন্যান্য প্রতিমা তৈরি করায় পূজা শুরুর আগেই মণ্ডপটি আলোচনায় আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে মণ্ডপটির অসংখ্য ছবি ও ভিডিও।

সেই আলোচিত মণ্ডপেই মহানবমীতে হাজির হন পূজা চেরি। এদিন তার পরনে ছিল জরি ও সুতার নকশা করা কালো রঙের শাড়ি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে কখনো তাকে ‘রিপু রজনী’ মণ্ডপে প্রণাম করতে, আবার কখনো অন্য একটি মণ্ডপে দেবী দুর্গার আরাধনায় অংশ নিতে দেখা যায়।

ছবিগুলোর সঙ্গে নবমীর তাৎপর্য তুলে ধরে একটি বার্তাও দিয়েছেন অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, ‘‘নবমী আমাদের মনে করিয়ে দেয়, দেবীকে মন্দিরে প্রতিষ্ঠা করা সহজ, কিন্তু নিজের চেতনায় প্রতিষ্ঠা করা কঠিন। যতদিন অন্যায়ের সামনে নীরবতা, নারীর অসম্মানে উদাসীনতা আর দুর্বলের কান্নায় নির্বিকারতা থাকবে, ততদিন দেবী আরাধনা পূর্ণতা পাবে না। সত্যিকারের পূজা তখনই, যখন অসুরবধ কেবল পৌরাণিক কাহিনি হয়ে থাকে না, বরং আমাদের বিবেকের প্রতিদিনের সংকল্প হয়ে ওঠে।’’
পূজা চেরি তার পোস্টে নবমীর শুভেচ্ছা জানালেও বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের শারদীয় দুর্গোৎসব। প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্গাপূজার সমাপ্তি বা প্রতিমা বিসর্জন নিয়ে অভিনেত্রীর পক্ষ থেকে নতুন কোনো বার্তা দেখা যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









