কক্সবাজারের মহেশখালীতে সাগরে মাছ ধরতে গিয়ে একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। হঠাৎ ঘুমন্ত অবস্থায় বোটটি ডুবে গেলে পানিতে ভাসতে ভাসতেই জ্ঞান ফেরে কয়েকজন জেলের। পরে সাগর থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে একজন জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
রবিবার (৬ সেপ্টেম্বর) মহেশখালী কুতুবজোম খোন্দকার পাড়া এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের মালিকানাধীন জেলেদের বহনকারী ফিশিং বোটটি মহেশখালীর উপকূল থেকে প্রায় ১৪ বিয়োর (নটিক্যাল মাইল) বাইরে সাগরে দুর্ঘটনার কবলে পড়ে।
উদ্ধার হওয়া জেলেদের ভাষ্য অনুযায়ী, তারা রাতে বোটে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই বোটটি ডুবে যায়। বোটটি ডুবে যাওয়ার পর পানিতে ভাসতে ভাসতেই তাদের জ্ঞান ফিরে আসে। পরে তারা সাগরে ভেসে থেকে একে অপরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন এবং উদ্ধারকারীদের সহায়তায় প্রাণে ফিরে আসেন।
জীবিত উদ্ধার হওয়া জেলেরা হলেন— খোন্দাকার পাড়া এলাকার বাসিন্দা কবির আহমদের পুত্র জসিম উদ্দিন(৩৫) বেলাল উদ্দিন (৩০) জাফর আলমের পুত্র শাহাজান( ২৯) রহিম উল্লাহর পুত্র শাকের উল্লাহ , আব্দুল মান্নানের পুত্র বাবু, নিখোঁজ জেলে মহেশখালী পৌরসভার ৩নং ওয়ার্ড়ের বাসিন্দা মৃত্যু আশরাফ আলীর পুত্র আলা উদ্দিন (৩৫)
নিখোঁজ আলা উদ্দিনকে উদ্ধারে সাগরে তৎপরতা চালানো হচ্ছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর নিখোঁজ জেলের পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোলতান বলেন, ফিশিং বোটডুবির ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একজন জেলে এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









