রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুইদিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রপতির নিজ বাসভবনে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্যদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাষ্ট্রপতি বলেন, ‘‘স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, সুশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য অপরিহার্য।’’
তিনি মফস্বল সাংবাদিকদের উদ্দেশে আরও বলেন, ‘‘আপনারা তৃণমূল ও প্রান্তিক মানুষের কথা নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে তুলে ধরবেন। এটাই এখন সবচেয়ে বড় প্রয়োজন।’’
মতবিনিময়কালে ঠাকুরগাঁওয়ের সাংবাদিক নেতৃবৃন্দ মফস্বল সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দাবি রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন
সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে রাষ্ট্রপতি তাদের আশ্বস্ত করে বলেন, ‘‘আপনাদের অসুবিধা ও দাবিগুলো পূরণে আমি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো।’’ একইসঙ্গে তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান।
সভায় রাষ্ট্রপতির প্রেস সচিব সারওয়ার আলম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ এবং প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









