প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে গাজীপুর থেকে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর (২৫) জামিন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন আদালত-৫-এর বিচারক রাকিবুল হাসানের আদালতে সিফাতের জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন।
সিফাত আব্দুল্লাহ গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার সিকান্দর আলীর ছেলে। তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।
সিফাতের আইনজীবী রাশেদুল ইসলাম বলেন, সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন আদালত-৫-এ সিফাত আব্দুল্লাহর জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের বিরোধিতায় আদালত তার জামিন নামঞ্জুর করেন। এখন তারা সেশন কোর্টে যাবেন।
মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, গ্রেপ্তার সিফাত ফ্যাসিবাদের দোসর। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। সোমবার তার পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেছেন।
তিনি আরও বলেন, সিফাত পতিত আওয়ামী লীগ সরকারের এজেন্ডা হিসেবেই কাজ করেছেন। ৫ আগস্টের আগে থেকেই তিনি ফ্যাসিস্টদের হয়ে কাজ করেছেন এবং তা এখনো অব্যাহত রেখেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিফাত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য ও লেখালেখি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার তিনি ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন। ওই ভিডিওতে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে গালিগালাজ করতে দেখা যায় তাকে।
ভিডিওতে সিফাত দাবি করেন, চলতি মাসে তার বাসায় ৪ হাজার টাকা এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। তার দাবি, স্বাভাবিকের তুলনায় বিদ্যুৎ বিল বেশি এসেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তাকে আটক করে। এরপর সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে নিয়ে ফেসবুকে গালিগালাজ ও কটূক্তির অভিযোগে সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









