গাজীপুরের কালিয়াকৈরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে একটি শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে নারীসহ ১৫ জন শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুতুবদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জিএমএস টেক্সটাইলের একটি শ্রমিকবাহী বাস উপজেলার মেদীআশুলাইসহ বিভিন্ন স্টপেজ থেকে শ্রমিকদের নিয়ে কারখানার উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কুতুবদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে উল্টে যায়। এতে বাসের ভেতরে থাকা নারী শ্রমিকসহ ১৫ জন আহত হন।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন বলেন, ‘‘সকালে একটি কারখানার কয়েকজন শ্রমিক আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হয়েছে।’’
কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বলেন, ‘‘কুতুবদিয়া এলাকায় একটি দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার বিষয়ে তদন্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









