রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবারের মতো আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট জেলা প্রশাসন।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।
সভায় জানানো হয়, ১৫ সেপ্টেম্বর সিলেট পৌঁছানোর পর রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বিকেলে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন তিনি। অনুষ্ঠান শেষে ওই দিন সন্ধ্যায়ই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে বেশ কিছু জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে সভায়। এর মধ্যে রয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে সময়মতো উপস্থিতি নিশ্চিত করা, অফিস প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্যবর্ধন করা।
এছাড়া নগরীর সড়ক চলাচলের উপযোগী করা, অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সড়কের পাশের সিএনজি স্টেশনগুলো লালদিঘীর পাড়ে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তা ও অন্যান্য ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি সফরের সময় জরুরি চিকিৎসা সেবায় মেডিকেল টিম, ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে তাগিদ দেওয়া হয়।
সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









