কুষ্টিয়া জিলা স্কুলের দীর্ঘদিনের ঐতিহ্য নষ্ট করে স্কুল মাঠে রাজনৈতিক সমাবেশ আয়োজনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে আয়োজিত এই কর্মসূচি থেকে ভবিষ্যতে বিদ্যালয়ের মাঠে সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার জোর দাবি জানানো হয়।
জানা যায়, আগামী ৩১ অক্টোবর জিলা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ আয়োজনের সিদ্ধান্তের কথা জানতে পেরে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে।
তাদের ভাষ্যমতে, কুষ্টিয়া জিলা স্কুল শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি কুষ্টিয়ার শিক্ষা, ইতিহাস, ঐতিহ্য ও অসং মানুষের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িত একটি গৌরবময় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে শিক্ষক, খেলার মাঠ ও প্রতিটা প্রাঙ্গণ প্রজন্মের পর প্রজন্মের শিক্ষার্থীদের শৈশব, স্বপ্ন, বন্ধুত্ব, শৃঙ্খলা ও স্মৃতির অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুলের মাঠে রাজনৈতিক সমাবেশ করার সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অতীতেও এই মাঠকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অপচেষ্টা চালানো হয়েছিল, যা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছিল। জিলা স্কুল কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, জোট কিংবা মতাদর্শের বিরুদ্ধে নয়,এটি একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্ব, শৃঙ্খলা এবং রাজনৈতিক নিরপেক্ষতা রক্ষার আন্দোলন। বিদ্যালয় প্রাঙ্গণে রাজনৈতিক সমাবেশ আয়োজনের বিষয়টি বিভিন্ন মহলে চরম অসন্তোষের সৃষ্টি করেছে এবং এর ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম হতাশায় ভুগছে।
শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন, ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দল বা জোটও একই ধরনের সুযোগ পাওয়ার দাবি করতে পারে, যা এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের নিরপেক্ষতা ও শিক্ষার পরিবেশকে চিরতরে ধ্বংস করে দেবে। তাই প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষায় অবিলম্বে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানানো হয়।
কুষ্টিয়া জিলা স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ডেনিয়েল, খন্দকার মিহির উজ জামান, সোহাগ, বনি, সনজু, সুমন এবং বর্তমান শিক্ষার্থী শুভ ও তরিকুল প্রমুখ।
মানববন্ধন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐতিহ্য রক্ষা ও মাঠের পবিত্রতা বজায় রাখার সুনির্দিষ্ট দাবি সম্বলিত একটি স্মারকলিপি কুষ্টিয়া জেলা প্রশাসক বরাবর প্রদান করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









